বরিশালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৬

রূপালী বার্তা।।
বরিশালে উজিপুরে অ্যাম্বুলেন্স-কভার্ড ভ্যান সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। বুধবার (০৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বরিশাল-ঢাকা মহাসড়কে আটিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, দুর্ঘটনা কবলিত ওই অ্যাম্বুলেন্স ঢাকা থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিল। ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়ায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়।

একই সময় কাভার্ড ভ্যানের পিছনে থাকা এম এম পরিবহনের যাত্রীবাহী একটি বাস ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনায় পড়া অ্যাম্বুলেন্স ও কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালক ও এক শিশুসহ ছয় জন নিহত হন।

তিনি আরও বলেন, উদ্ধার তৎপরতা চলছে। তবে নিহতদের নাম বা পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।