মুলাদীতে জমি দখল নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ॥ আহত-১০

রূপালী ডেক্স।।
বরিশালের মুলাদীতে জমি দখল নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে ১০ জন। ফুফাতো ভাই ও মামাতো ভাইর পরিবারের মধ্যে এ সংঘর্ষ ঘটে।
১৩ আগস্ট রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের সফিপুর গ্রামের শাহআলম তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। হামলায় আহত জুয়েল তালুকদার জানান তার পিতা শাহআলম তালুকদার ২৮-৩০ বছর আগে মৃত মোহাম্মাদ মাঝির পুত্র মানিক মাঝির কাছ থেকে ঘরসহ একটি বাড়ি ক্রয় করে। মানিক মাঝি সম্পর্কে শাহআলম তালুকদারের মামা হন। শাহআলম তালুকদার ঢাকায় অবস্থান করায় মানিক মাঝি তার বিক্রিত জমিতেই বসবাস করতে থাকেন। শাহআলম তালুকদার কয়েক বার অনুরোধ করেও মানিক মাঝির কাছ থেকে বাড়ি উদ্ধার করতে পারেননি। করোনা পরিস্থিতিতে শাহআলম তালুকদার স্বপরিবারে দেশে ফিরে মানিক মাঝিকে বাড়ি ছাড়তে অনুরোধ করলে তিনিও জমির মালিকানা দাবী করেন। এনিয়ে স্থানীয় পর্যায়ে সালিশ মিমাংশায় মানিক মাঝিকে ১লাখ টাকা দিয়ে বাড়ি ছাড়ার নির্দেশ দেন। মানিক মাঝি ১লাখ টাকা নিয়ে পুনঃরায় জমির মধ্যে অংশ পাবে দাবী করে বসবাস শুরু করেন। গত ১০ সেপ্টেম্বর মানিক মাঝির পুত্র ছালাম মাঝি ও তার লোকজন নারিকেল পাড়লে শাহআলম তালুকদারের স্ত্রী সেলিনা বেগম বাঁধা দিলে উভয়ের মধ্যে কথার কাটাকাটির সৃষ্টি হয়। রবিবার শাহআলম তালুকদারের পুত্র জুয়েল তালুকদার ও আতিক তালুকদার বাড়ি থেকে সফিপুর খেয়াঘাটে রওয়ানা দিয়ে মানিক মাঝির ঘরের সামনে পৌছলে পূর্বপরিকল্পিত অতপেতে থাকা ছালাম মাঝি, কালাম মাঝি ও ইউনুছ মাঝিসহ ৮/১০জন দুস্কৃতকারী দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালিয়ে দুই ভাইকে আহত করে। আহতদের ডাকচিৎকারে জুয়েল তালুকদারের ভাই ও অন্যান্যরা এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকে কুপিয়ে, পিটিয়ে মারাত্মক জখম করে। এসময় জুয়েল তালুকদার, আতিক তালুকদার, আল আমিন তালুকদার, তানিয়া বেগম, সেলিনা বেগমসহ কমপক্ষে ১০জন আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জুয়েল তালুকদারের স্ত্রী তানিয়া ও কালাম মাঝির স্ত্রী রোজিনা বেগমকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় দুই গ্রুপই মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে মুলাদী থানার অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ উদ্দীন মৃধা জানান, শাহআলম তালুকদারের লোকজন লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।