কিশোর ফুটবলার রাকিবকে চিকিৎসা সহায়তা দিল বাফুফে

স্পোর্টস ডেস্ক।।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের অধিনায়ক রাকিবুল ইসলামের চিকিৎসার জন্য পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি দুই ধাপে ১ লাখ ৩০ হাজার টাকা দিয়েছে সাতক্ষীরার এ কিশোরকে।

গত বছর ভারতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছিলেন রাকিবুল। গত ডিসেম্বরে বাফুফের ফর্টিস একাডেমিতে অনুশীলনের সময় বড় ধরনের চোট পান।

বাফুফে প্রথমে রাকিবুলের চিকিৎসার জন্য ৩০ হাজার টাকা দিয়েছিল। সোমবার (১৪ সেপ্টেম্বর) আরো ১ লাখ টাকা দেয়া হয়েছে। অনূর্ধ্ব-১৫ দলের কোচ মোস্তফা আনোয়ার পারভেজ বাবু তার শিষ্যের চিকিৎসার জন্য সহায়তা করায় বাফুফেকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে রাকিবুল দ্রুত মাঠে ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন।

কিশোর ফুটবলার রাকিবুল ইসলাম তার চিকিৎসার জন্য অর্থসহায়তা করায় বাফুফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি বড় ধরনের ইনজুরিতে পড়েছিলাম। বাফুফে দুই দফায় ১ লাখ ৩০ হাজার টাকা দিয়ে আমার পাশে দাঁড়িয়েছে। এজন্য বাফুফেকে ধন্যবাদ জানাচ্ছি।’