শিক্ষার্থীকে হাত-পা বেঁধে নির্যাতন, দুই শিক্ষকসহ ৪ জন আটক

অনলাইন ডেস্ক।।
সাভারের আশুলিয়ায় একটি মাদরাসায় এক শিশু শিক্ষার্থীকে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনায় শিক্ষক ইব্রাহিম মিয়া ও ওবায়দুল্লাহসহ চারজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার শ্রীপুরের নতুননগর মদনেরটেক এলাকা থেকে তাদের আটক করা হয়। সোমবার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। শুক্রবার আশুলিয়ার শ্রীপুরের নতুন নগর মথনেরটেক এলাকার একটি মাদরাসায় এ ঘটনা ঘটে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখাগেছে, শিক্ষক ইব্রাহিম এক শিশুকে বেঁধে রেখে বেত দিয়ে অন্য শিশুকে মারছেন। শিশুটি চিৎকার করলেও ভয়ে কেউ এগিয়ে আসেনি। পরে খবর পেয়ে দুই শিশুকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয় পরিবার।

স্থানীয়রা জানায়, তুচ্ছ ঘটনা নিয়ে ওই মাদরাসায় শিশু শিক্ষার্থী শরিফুল ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করেন শিক্ষক ইব্রাহিম। ওই সময় আরেক শিক্ষার্থী রাকিব হোসেনকে বেঁধে রেখে ভয়ভীতিও দেখান তিনি।

মাদরাসার বাকি শিক্ষার্থীরা জানায়, মারধর করার সময় আহত শিশুরা বারবার আর্তনাদ করে না মারতে অনুরোধ করে। তবু মন গলেনি ওই শিক্ষকের।

আশুলিয়া থানার এসআই মহিউদ্দিন জানান, শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগের সত্যতা মিলেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদরাসায় শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর ক্ষোভে ফুঁসে ওঠেন এলাকার জনগণ। রাতেই তারা ওই দুই শিক্ষককে ধরে উত্তমমধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেন।

আশুলিয়া থানার ওসি এস এম কামরুজ্জামান বলেছেন, এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।