উপকূলের পেঁয়াজের বাজারে ফের অস্থিরতা

কাজী সাঈদ, কুয়াকাটা (পটুয়াখালী)॥
পটুয়াখালী জেলার কলাপাড়া, মহিপুর, কুয়াকাটাসহ উপকূলের বাজারগুলোতে পেঁয়াজ নিয়ে আবারো অস্থিরতা দেখা দিয়েছে। মঙ্গলবার একদিনে কয়েক দফায় বেড়েছে পেঁয়াজের দাম। ভারত থেকে স্থলপথে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাওয়ায় খবরে স্থানীয় আড়ৎদাররা কৃত্রিম সংকট তৈরী করে দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেছে ক্রেতারা।

মঙ্গলবার সকাল থেকে খুচরা বাজারে ৭০ থেকে ৭৫ টাকা, কখনো ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তবে স্থানীয় আড়ৎদাররা দুষছে মোকামে বড় ব্যবসায়ীদের। স্থানীয় আড়ৎদাড়রা ৬৮ থেকে ৭০ টাকা পর্যন্ত বিক্রি করেছেন। এদিকে, পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার খবরে শত শত মানুষকে পেঁয়াজ কিনতে দেখা গেছে। তাদের ভয় আগের মত আবারো কেজি ৩’শ টাকা না হয়। ক্রেতাদের কেউ ৩ কেজি, কেউ ৫ কেজি আবার কেউ কেউ ১০ কেজি করেও পেঁয়াজ কিনেছেন।

মিজানুর রহমান নামে এক ক্রেতা জানান, সকাল ১০ টার দিকে মাছ বাজার এলাকায় যে পেঁয়াজ ৬০ টাকায় বিক্রি হয়েছে, এক ঘন্টার ব্যবধানে তা বিক্রি হয়েছে ৭০ টাকায়, বিকেলে একই পেঁয়াজ বিক্রি হয়েছে ৮০ টাকা কেজিতে।

আরেক ক্রেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, স্থানীয় কাঁচামাল বিক্রেতাদের (আড়ৎদার) প্রত্যেকের পেঁয়াজ মজুদ রয়েছে। তারা ভ্রাম্যমান আদালতের ভয়ে নির্দিষ্ট গোডাউনে না রেখে এবার সরিয়ে রেখেছে বলে তিনি উল্লেখ করেন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম মিয়া সাংবাদিকদের বলেন, পেঁয়াজের মূল্যবৃদ্ধি ঠেকাতে অভিযানে নেমেছি আমরা। আমরা বাজারে আছি, অভিযান চলছে।