মুলাদীতে এক শিক্ষিকার মামলায় অপর শিক্ষিকা জেলহাজতে

ভূঁইয়া কামাল, মুলাদী।।

বরিশালের মুলাদী উপজেলায় চেক প্রতারণা মামলায়  উপজেলার ৯৩নং পশ্চিম চর কমিশনার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খুরশিদ আক্তার হ্যাপীকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। খুরশিদা আক্তার হ্যাপির বিরুদ্ধে ওয়ারেন্ট জারির পর গত মঙ্গলবার বরিশাল আদালতে হাজিরা দিতে গেলে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রট আমলি আদালত।

মামলা সূত্রে জানা যায় ২০১০ সালের ১৭ সেপ্টেম্বর একই স্কুলের সহকারী শিক্ষিকা মিনারা আক্তার লিপির উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের বাড়ী এসে ধার বাবদ ৩ লক্ষ টাকা নেন সহকারী শিক্ষিকা খুরশিদা আক্তার হ্যাপী। পাওনা টাকা চাওয়া হলে বাদী মিনারা আক্তার লিপিকে ৩ লাখ টাকার একটি চেক প্রদান করেন। ব্যাংক কর্তৃপক্ষ  চেকটিকে ডিজঅনার করে। চলতি বছরের ২৯ জানুয়ারী একটি চেক প্রতারণার মামলা দায়ের করেন। এ মামলায় খুরশিদা আক্তার হ্যাপি ওয়ারেন্টভুক্ত আসামী হলে তিনি পলাতক থাকেন।

গত মঙ্গলবার বরিশাল আদালতে হাজির হয়ে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন।