বরিশাল র‌্যাবের অভিযানে ৫৭৩ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল র‌্যাবের আভিযানে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৫৭৩ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ ১১ হাজার টাকা উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত গাড়ি দুইটি জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে নগরীর রুপাতলী ২৪নং ওয়ার্ডস্থ দপদপিয়া ব্রীজ সংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়কের টোল ঘরের সামনে থেকে তাদের আটক করা হয়। বরিশাল র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

আটককৃতরা হলো- বেনাপোল ভবের বেড় এলাকার আব্দুল্লাহ বিশ্বাসের ছেলে মোঃ তৌহিদুল ইসলাম(২৫), বেনাপোল দূর্গাপুর এলাকার মোঃ আলী কদরের ছেলে মোঃ মেহেদী হাসান(২০), খালিশপুর শিকদার বাড়ী মোড় এলাকার মোহাম্মদ আলীর ছেলে মোঃ আলাউদ্দিন(৩৪), খুলনার আঞ্জুমান রোডের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ নাজমুল হাসান ওরফে সুমন(৩০), সাতক্ষীরার বজ্র বাকসা এলাকার মোঃ সামছুল হকের ছেলে মোঃ শহীদুল ইসলাম(২৫)।

র‌্যাব জানায়, মাদক সরবরাহ করার জন্য যশোর জেলা হতে একটি পিকআপ যোগে ফেন্সিডিল বহন করে বরিশাল নগরী হয়ে পটুয়াখালী জেলার কুয়াকাটার উদ্দেশ্যে চালান আসছে। ফেন্সিডিল বহনকারী পিকআপকে পাহাড়া দিয়ে একটি প্রাইভেটকার আসছে। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের টোল ঘরের সামনে চেকপোষ্ট বসিয়ে গাড়ী থামিয়ে তল্লাশি চালায় র‌্যাব। এ সময় একটি সাদা রংয়ের প্রাইভেটকার এবং একটি নীল রংয়ের মিনি পিকআপ চেকপোষ্টের সামনে আসলে সংকেত দেয়া হয়। গাড়ী থামিয়ে পালানোর সময় ৫ মাদক কারবারিকে ধরে ফেলে র‌্যাব সদস্যরা। পরে পিকআপটিতে তল্লাশি করে ৫৭৩ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ ১১ হাজার টাকা উদ্ধার করা হয়। এবং মাদক পরিবহনে ব্যবহৃত গাড়ী দুইটি জব্দ করা হয়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করে যে, তারা যোগসাজোসে দীর্ঘ দিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে ফেন্সিডিলের চালান সংগ্রহ করে বরিশাল জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’