গৌরনদীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।।
বরিশালের গৌরনদী পৌরসভার পূর্বলাখেরাজ কসবা মহল্লায় ছয় বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে রোববার (২০ সেপ্টেম্বর) সকালে গৌরনদী মডেল থানার মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে প্রতিবেশী মাছ ব্যবসায়ী ও দুই সন্তানের জনক আবু বক্কর বেপারীকে (৫৫)। পুলিশ ভিকটিমকে রোববার দুপুরে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেয়ার জন্য বরিশাল আদালতে প্রেরন করেছে।

মামলার বাদি ও নির্যাতিতা শিশুটির মা অভিযোগ করেন, শনিবার বিকেল ৫টার দিকে তার ছয় বছরের শিশু কন্যা বাড়ির পাশে মসজিদের মাঠে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী দুই সন্তানের জনক আবু বক্কর বেপারী কৌশলে তার কণ্যাকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী পরিত্যাক্ত একটি ঘরে নিয়ে বিবস্ত্র করে মাটিতে শুয়িয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মাঠে তার কন্যাকে না দেখতে পেয়ে খোঁজাখুজি করে। খোঁজাখুজির একপর্যায়ে পরিত্যাক্ত ঘরে প্রবেশ করলে শিশুটিকে ফেলে আবু বক্কর পালিয়ে যায়।

গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, এ ঘটনায় রোববার সকালে নির্যাতিতা শিশুটির মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আবু বক্কর বেপারীকে আসামি করে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামিকে গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।