র‌্যাব-৮ এর অভিযান, ঝালকাঠিতে অস্ত্রসহ গ্রেফতার ১

রূপালী বার্তা।।
ঝালকাঠিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ আবুল হোসেন তালুকদার ওরফে আবু (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬ টার দিকে রাজাপুর থানা লেবুবুনিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গোপনে জানা যায় রাজাপুর থানাধীন লেবুবুনিয়ায় কবির খান এর বসত বাড়ির পশ্চিম পাশে রাস্তার উপর সন্ত্রাসী কর্মকান্ড সংগঠনের জন্য কতিপয় ব্যাক্তি অবস্থান করছে। র‌্যাবের আভিযানিক দলটি সকাল সাড়ে ৬ টার দিকে ঘটনাস্থলের কাছে পৌঁছলে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা আবুকে আটক করে। সে নৈকাঠি গ্রামের মৃত আনছার আলী তালুকদারের ছেলে।

পরে আবুর কাছ থেকে ৪ টি রামদা উদ্ধার করে। এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ জিল্লুর রহমান বাদী হয়ে ঝালকাঠি জেলার রাজাপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।