মঠবাড়িয়ায় জোয়ারের স্রোতে সড়ক খালে বিলীন, জনদুর্ভোগ চরমে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।।
পিরোজপুরের মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কের স্থানীয় কালিরহাট বাজার সংলগ্ন হাওলাদার বাড়ির সম্মুখের সড়ক (সওজ) মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে ভারী বর্ষণ ও জোয়ারের পানির চাপে খালে বিলীন হয়ে যায়। এতে আন্তঃবিভাগীয় ব্যস্ততম এ সড়কের যাত্রীবাহী মাহেন্দ্র, টেম্পু, ইজিবাইকসহ পথচারীদের চলাচলে দারুন দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা তাৎক্ষণিক চেরাই কাঠ দিয়ে চলাচল করে।

খবর পেয়ে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন।

বেতমোর ইউপির ৪নং ওয়ার্ড সদস্য বাবুল দাস জানান, এ জনগুরুত্বপূর্ণ সড়ক দিয়ে মঠবাড়িয়া-মাছুয়া-বেতমোর ও শরনখোলার কয়েক হাজার মানুষ প্রতিদিন চলাচল করে। সড়কটি দেবে যাওয়ায় বুধবার পৌরশহরের সাপ্তাহিক হাটের দিন চলাচলকারীরা ভোগান্তির মধ্যে পড়ে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক বলেন, আন্তঃবিভাগীয় এ সড়কটির কালিরহাট নামক স্থানে খালে বিলীন হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ট সড়ক ও জনপথ বিভাগকে দ্রুত মেরামত করার জন্য বলা হয়।

তিনি আরও বলেন, বড়মাছুয়া ও বেতমোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকেও দ্রুত সড়ক সংস্কার কাজে সহযোগিতা করার জন্য নির্দেশ দেয়া হয়।