বন্ধু

বন্ধু

।। মাহফুজা রিনা ।।

আচ্ছা! তুইও কি আমার মতো মন খারাপের রাতে একলা আকাশ দেখিস?
নির্জনতার মাঝে সবাই ঘুমে বিভোর, তুই কি তখন একলা জেগে থাকিস?

আমি মুখ দেখেই বলতে পারি তোর মনের অব্যক্ত সব কথা,
আমার মতো তুইও শুধু থাকিস একলা একা।

দেখ খুব দূরে তো নই আমি, তোর ইচ্ছে হলেই ডাকিস,
আর কোনো অশ্রু পতন নয়, নিজেকেও না হয় একটু ভালোবাসিস।

তোর স্বপ্নগুলো কি হারিয়েছিস, হারিয়েছিস জীবনের সব রঙ?
পৃথিবী জুড়ে চলছে আজ স্বপ্ন ভাঙ্গা উৎসবের আয়োজন।

তুই কেন নিজের ভিতর নিজে লুকিয়ে থাকিস সারাক্ষণ,
চল না, বেলা শেষে গোধূলির আবীর মেখে রাঙাবো তোর মন।

যদি কখনো আঁধার করে দুঃখের কালো মেঘ ঘনিয়ে আসে,
আমি উড়িয়ে দেবো সব, দেখিস দুঃখের দিনেও থাকবো তোরই পাশে।

জীবনের আর মেয়াদ ক’দিন বল, অতীত থেকে স্মৃতি নিয়ে আছি,
একটাই তো জীবন, আয় দুঃখ থেকে সুখ নিয়ে চল বাঁচি।

দক্ষিণ আলেকান্দা, বরিশাল।
১৪/৯/২০২০