বরিশালে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর সর্ববৃহৎ ম্যুরাল উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি আবেগঘন ম্যুরালের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ম্যুরালটির উদ্বোধন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।

চারুকলার অভিজ্ঞ শিল্পিদের নকশা ও বিদেশী দামী টাইলসের নিপুন কারুকাজে নগরীর দক্ষিণ সদর রোডের বঙ্গবন্ধু অডিটরিয়ামের দক্ষিন দেয়ালে ম্যুরালটি নির্মান করে বরিশাল সিটি করপোরেশন। ৫০ ফুট উচু এবং ৪০ ফুট প্রস্থের ম্যুরালের পেছনে জাতীয় পতাকা ফুঁটিয়ে তোলা হয়েছে। ম্যুরালটি দেশের সর্ববৃহৎ বলে দাবী সিটি করপোরেশনের।

উদ্বোধনের সময় মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসসহ সরকারী বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, দলীয় নেতাকর্মীসহ সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বিকেলে কেন্দ্রিয় শহীদ মিনার পাদদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করে সিটি করপোরেশন। নগরীর জামে এবাদুল্লাহ মসজিদের খতিব মাওলানা নূরুর রহমান বেগম পরিচালিত মোনাজাতে সিটি মেয়র সহ অন্যান্যরা অংশগ্রহন করেন। মোনাজাতে প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য ও দির্ঘায়ু এবং দেশ ও জাতীর উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।