২ রুপির মূল্য এখনো মনে রেখেছি: অমিতাভ

বিনোদন ডেস্ক।।
বলিউডের সবচেয়ে বড় কিংবদন্তী অমিতাব বচ্চন। এক কথায় তিনি একজন মেগাস্টার। বলিউডের অন্যান্য তারকাদের থেকে সবচেয়ে বেশি আয় করা তারকাদের একজন এই কালজয়ী অভিনেতা। তারপরও ছোটবেলার ২ রুপির মূল্য এখনো ভুলেননি এই অভিনেতা।

রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ এর ১২তম সংস্করনের সম্প্রচার শুরু হয়েছে। অনুষ্ঠানের একটি পর্বে তার পরিবারের আর্থিক দুরাবস্থা নিয়ে স্মৃতিচারণ করেন ‘বিগ বি’খ্যাত এই তারকা।

এই অনুষ্ঠানে জয় কুলশ্রেষ্ঠা নামের এক প্রতিযোগী জানান, ছোটবেলায় ভেলপুরী খাওয়ার জন্য জন্য মায়ের কাছে ৭ রুপি চাইতেন। কিন্তু তার মা ৫ রুপির বেশি দিতে পারতেন না।

এই সময় অমিতাভ বচ্চন তার ছোটবেলার স্মৃতি রোমন্থন করে জানান, স্কুলের ক্রিকেট টিমে যোগ দিতে ২ রুপির প্রয়োজন ছিলো। তেজি বচ্চন বিষয়টি মাকে জানান। কিন্তু তার মা জানিয়েছিলেন, এটি দেয়ার সামর্থ্য তাদের নেই।

অমিতাভ জানান, বর্তমানে অঢেল সম্পদ থাকলেও অতীতের অভিজ্ঞতা তাকে এখনো বিনয়ী রাখে। তিনি বলেন, ‘২ রুপির মূল্য এখনো মনে রেখেছি।’

গত জুলাইয়ে করোনা আক্রান্ত হন অমিতাভ। বেশ কিছুদিন মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে চিকিৎসা নেন। পরবর্তী সময়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। এরপর ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শোয়ের শুটিং করেন তিনি। বয়স ৭৭ হলেও এখনো পুরোদমে কাজ করছেন এই অভিনেতা।