নদী থেকে বালু ওঠাতে দেবেন না: পানি সম্পদ প্রতিমন্ত্রী

রূপালী ডেস্ক।।
পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামিম বলেছেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, তা গড়ার জন্য তিনি সারাটাজীবনই কষ্ট করে গেছেন। নিজের জীবনের ১৪ টি বছর তিনি কারাগারে ছিলেন। সেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য তারই সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

শনিবার (০৩ অক্টোবর) বেলা ১২ টায় বরিশাল সার্কিট হাউজের সভাকক্ষে অনুষ্ঠিত মুজিববর্ষ উপলক্ষ্যে গুচ্ছগ্রামে পুর্ণবাসিত পরিবারের মধ্যে দলিল হস্তান্তর ও সুবর্ণ নাগরিকদের মধ্যে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামচরি গুচ্ছগ্রামে পুর্ণবাসিত ৬০ পরিবারের মাঝে দলিল হস্তান্তর ও সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পক্ষ থেকে ২০ সুবর্ণ নাগরিকদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

দুঃস্থ-অসহায় গৃহহীন-ভূমিহীন মানুষদের গুচ্ছগ্রামে পুর্ণবাসিত করার প্রকল্পের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন বড় একটি প্রকল্প নিয়েছেন, যা বিশ্বের ধনী দেশগুলোও হাতে নেয়ার সাহস পেতো না। কারণ পৃথিবীর ধনী দেশগুলোর আর বাংলাদেশর জনসংখ্যার পার্থক্য আকাশ-পাতাল । বাংলাদেশ ছোট একটি দেশ, যেখানে ১৬ কোটি মানুষ বসবাস। এক স্কয়ার কিলোমিটারে ১২ শত লোক বসবাস করে। যেখানে আমাদের জায়গা নেই, সেখানে এই প্রকল্প নিতে প্রধানমন্ত্রী যে সাহস করেছেন সেজন্য তাকে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এদেশের মাটি ও মানুষের কথা চিন্তা করেন দেখেই এ ধরণের প্রকল্প নিয়েছেন। প্রধানমন্ত্রী যে কতো ধরণের প্রনোদনার ব্যবস্থা করেছেন তার হিসেব নেই, সারাদিন লেগে যাবে সেসব প্রনোদনার কথা বলতে। প্রধানমন্ত্রী যে কতগুলো ভাতার ব্যবস্থা করেছেন সরকার থেকে তা বললেও শেষ করতে পারবো না।

তিনি বলেন, আমরা বার বার বলছি, নদীর তীর থেকে বালু ওঠাতে দেবেন না। সবাই একজোট হন, প্রতিরোধ করেন। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী প্রলোভন দেখিয়ে সংশ্লিষ্ট এলাকার লোকজনকে কনভেন্স করে রাতের বেলা বালু উঠিয়ে নিয়ে যায়। এতে সাময়িকভাবে আর্থিক উপকৃত হলেও, পরবর্তীকালে বর্ষা মৌসুমে যে পুরো গ্রাম প্লাবিত হবে তা কিন্তু বুঝলো না।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ আব্দুর রাজ্জাক, গুচ্ছগ্রাম-২য় পর্যায় প্রকল্পের আঞ্চলিক প্রকল্প পরিচালক মোঃ রেজাউল বারী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুনিবুর রহমান, সদর উপজেলার ভূমি কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন ও মহানগর ছাত্রলীগের নেতা মাহাদ সহ অতিথি বৃন্দরা।