‘আইয়ার সাইক্লোনে’ কলকাতার বিপক্ষে দিল্লির ২২৮

স্পোর্টস ডেস্ক।।
শারজার ছোট মাঠে খেলা, রান হবে প্রচুর- এমনটাও অনুমেয়ই ছিলো। তাই বলে ঠিক এতোটা পিটুনি হজম করতে হবে, তা হয়তো কল্পনা করেননি সুনিল নারিন, প্যাট কামিনসরা। বিশ্বের অন্যতম সেরা এ বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন দিল্লি ক্যাপিট্যালসের ব্যাটসম্যানরা।

নিজেদের প্রথম তিন ম্যাচে সমান দুইটি করে জিতেছে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিট্যালস। চতুর্থ ম্যাচে মাঠে নেমে দিল্লিকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন কলকাতা অধিনায়ক দীনেশ কার্তিক। আর এ আমন্ত্রণটিকে বড় সংগ্রহের সুযোগ হিসেবেই কাজে লাগিয়েছেন দিল্লি অধিনায়ক শ্রেয়াস আইয়ার।

প্রতিপক্ষ দলে সুনিল নারিনের মতো রহস্য স্পিনার, প্যাট কামিনসের মতো বিশ্বখ্যাত পেসার, সঙ্গে রয়েছেন কামলেশ নাগরকোটি, শিভাম মাভিদের মতো তরুণ তুর্কিরা। কিন্তু এদের কাউকেই পাত্তা দেননি শ্রেয়াস আইয়ার, পৃথ্বি শ’রা। কলকাতার বোলারদের ইচ্ছেমতো পিটিয়ে নির্ধারিত ২০ ওভারে ২২৮ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করিয়েছে দিল্লি ক্যাপিট্যালস।

টস হেরে ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার শিখর ধাওয়ান ও পৃথ্বি শ্ব। প্রথম ছয় ওভারে ৫৭ রান পেয়ে যায় দিল্লি। ইনিংসের ষষ্ঠ ওভারে সাজঘরে ফেরার আগে ২টি করে চার ও ছয়ের মারে ১৬ বলে ২৬ রান করেন বাঁহাতি ওপেনার ধাওয়ান।

দ্বিতীয় উইকেট জুটিতে অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে অপরপ্রান্তে রেখে ঝড় তোলেন তরুণ ওপেনার পৃথ্বি। মাত্র ৪১ বলে ৭৪ রান যোগ করেন আইয়ার ও পৃথ্বি। ইনিংসের ১৩তম ওভারে দলীয় সংগ্রহ ১২৯ রানে পৌঁছে দিয়ে আউট হন পৃথ্বি। আসরে নিজের দ্বিতীয় ফিফটিতে ৪১ বলে ৪টি করে চার-ছয়ের মারে ৬৬ রান করেন ২০ বছর বয়সী এ ওপেনার।

পরে পৃথ্বির সঙ্গে শুরু করা তাণ্ডবটি রিশাভ পান্টকে নিয়ে সাইক্লোনে রূপ দেন দিল্লি অধিনায়ক শ্রেয়াস আইয়ার। বোলার হোক নারিন কিংবা কামিনস, অথবা রাসেল কিংবা মাভি; সবাইকে সমানভাবে চার-ছয় হাঁকাতে থাকেন আইয়ার ও পান্ট।

দুজনের তৃতীয় উইকেট জুটিতে আসে ৭২ রান, তাও মাত্র ৩১ বলে। দলীয় সংগ্রহ ২০০ পার করে দিয়ে সাজঘরে ফেরেন পান্ট। আউট হওয়ার আগে ৫ চারের সঙ্গে ১ ছয়ের মারে ১৭ বলে ৩৮ রান করেন পান্ট। ততক্ষণে মাত্র ২৬ বলে ব্যক্তিগত ফিফটি তুলে নেন আইয়ার।

১৬তম ওভারে অর্ধশত করে ১৯ ওভারের মধ্যেই ব্যক্তিগত সংগ্রহকে ৮৮ রানে নিয়ে যান দিল্লি অধিনায়ক। মনে হচ্ছিল সেঞ্চুরি হয়তো পেয়েই যাবেন তিনি। কিন্তু শেষ ওভারে একটি বলও খেলার সুযোগ পাননি আইয়ার। যার ফলে ৩৮ বলে ৭ চার ও ৬ ছয়ের ৮৮ রানে অপরাজিত থাকতে হয় তাকে।

আইয়ারের এই সাইক্লোন ইনিংসেই নির্ধারিত ২০ ওভারে ২২৮ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে দিল্লি। যা কি না আইপিএলের চলতি আসরে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এই পাহাড় তাড়া করে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে কলকাতাকে করতে হবে ২২৯ রান।