বাস্তবায়নের পথে বাবুগঞ্জ-মুলাদীবাসীর প্রাণের দাবি মীরগঞ্জ সেতু!

বাবুগঞ্জ প্রতিনিধি।।
অবশেষে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর অক্লান্ত প্রচেষ্টায় বাবুগঞ্জ- মুলাদীর সর্বস্তরের মানুষের প্রাণের দাবি মীরগঞ্জ আড়িয়াল খাঁ নদীতে স্বপ্নের সেতু বাস্তবায়নের পথে। গত নির্বাচনের সময় তিনি ভোটারদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন হিজলা, মুলাদী ও মেহেন্দিগঞ্জের একাংশের মানুষের দাবি অনুযায়ী– আড়িয়াল খাঁ নদীর উপর মীরগঞ্জে সেতু নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের।

গত অর্থ বছরের ২ এপ্রিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে ব্রিজটি নির্মাণের উল্লেখ করে আবেদন করা হয়। চলতি অর্থ বছরের ২ ফেব্রুয়ারি এডিপিতে বরাদ্দবিহীন নতুন প্রকল্প তালিকার ১৩০৯ নং স্মারকে আছে মীরগঞ্জ সেতুর নাম। প্রকল্পের নাম দেওয়া হয়েছে রহমতপুর -বাবুগঞ্জ -মুলাদি-হিজলা সড়কের অষ্টম কিলোমিটার অংশে জেড ৮০৩৪ শীর্ষক প্রকল্পের প্রিলিমিনারি উন্নয়ন প্রকল্প প্রস্তাব পিডিপিপি আড়িয়াল খাঁ নদীর ওপর সেতু নির্মাণ। মূল সেতুর দৈর্ঘ্য ১০০২ মিটার। অ্যাপ্রোচ সড়ক ৩ কিলোমিটার। প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৭১৪৮৭,৫৯ টাকা। সময়কাল এ বছরের ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত প্রস্তাব করা হয়েছে। তবে কবে নাগাদ স্বপ্নের বাস্তবায়ন শুরু হবে তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ।

বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৩ আসনটি বিভক্ত করে রেখেছে আড়িয়াল খাঁ নদী। হিজলা, মুলাদী ও মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দাদের সড়কপথে বরিশাল নগরীতে প্রবেশ করতে হলে মুলাদীর মীরগঞ্জ পয়েন্টে পৌঁছে আড়িয়াল খাঁ নদী পার হতে হয়। ওই তিন উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে মীরগঞ্জ পয়েন্টে সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। প্রতিবার জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রার্থীদের নির্বাচনী ওয়াদায় এ দাবিটি সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হয়।

স্থানীয় সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু বলেন, আড়িয়াল খাঁ নদীতে সেতু নির্মাণের প্রধান অন্তরায় অর্থায়ন। চলতি বছরেই সমস্যার সমাধান হলে সেতু নির্মাণ কার্যক্রম বাস্তবে রূপ নেবে। করোনা সংকট শুরুর আগে দাতা সংস্থা জাইকার সঙ্গে আলোচনা করে সেতুটির গুরুত্ব বোঝাতে সক্ষম হয়েছেন। তাদের সম্ভাব্য স্থান পরিদর্শনে আসারও কথা। এরই মধ্যে করোনা সংকট শুরু হওয়ায় বিষয়টি পিছিয়ে গেছে। তবে এ বছরের মধ্যে এসব প্রক্রিয়া সম্পন্ন হবে বলে মনে করছেন এমপি টিপু।

স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, মীরগঞ্জ সেতু স্থাপিত হলে শুধু ৩ উপজেলাবাসীই উপকৃত হবেন না, বিভাগীয় শহর বরিশালের সড়কপথের দূরত্বও কমে যাবে।

এদিকে, মীরগঞ্জে সেতু নির্মাণের দাবিতে জনমত গঠনে স্থানীয় যুব সমাজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গঠন করেছে হিজলা-মুলাদী-মেহেন্দিগঞ্জ ইউনিটি ফোরাম।

সূত্র জানায়, মীরগঞ্জ পয়েন্টে সেতুর সম্ভাব্যতা নিয়ে পিপি সওজের ঊর্ধ্বতন দপ্তরে প্রেরিত হয়েছে গত বছরে। এ নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে থাকা কয়েকজন আমলাও সাম্প্রতিক সময়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। অর্থ বরাদ্দ পেলেই এটি বাস্তবায়ন সময়ের ব্যাপার মাত্র।