সারা দেশে ধর্ষণের প্রতিবাদে বরগুনায় শিক্ষার্থীদের মানববন্ধন

গোলাম কিবরিয়া, বরগুনা।।
নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে বর্বোরোচিত নারী নির্যাতন এবং সাম্প্রতিক বিভিন্ন সংঘবদ্ধ ধর্ষণ ও নারী নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরগুনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী ও সাধারণ জনগন।

বুধবার (০৭ অক্টোবর) সকাল ১০ টায় বরগুনা পৌর মার্কেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে বরগুনা জেলার সকল শিক্ষার্থী ও বরগুনা হিউম্যানিটি ক্লাব।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশব্যাপী ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা এই মানববন্ধন কর্মসূচি পালন করছি। প্রতিটা নারী এই রাষ্ট্রে নিজেকে অনিরাপদ মনে করে। আপনারা যারা নিজেকে এই রাষ্ট্রে, রাষ্ট্র ব্যবস্থার কাছে অনিরাপদ মনে করেন, যারা আপনাদের মা, বোন, বান্ধবী, কন্যা, স্ত্রীদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাদের সবার প্রতি আহ্বান থাকবে, আপনারাও আপনাদের দাবিগুলো নিয়ে আমাদের পাশে এসে দাঁড়ান। ধর্ষকরা যাতে না পার পেয়ে যেতে পারে সেজন্য সরকারের কাছে কঠোর আইন প্রনয়নের দাবী জানাচ্ছি। ধর্ষকরা কখনও কোন দল বা ধর্মের না৷ ধর্ষনের বিরুদ্ধে কঠোর অবস্থানে না গেলে কখনই ধর্ষন নির্মূল সম্ভব না।

প্রসঙ্গত, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে অনৈতিক কাজের অপবাদ দিয়ে ৩৬ বছর বয়সী এক নারী কে সমস্ত শরীর বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে একদল সন্ত্রাসী। নির্যাতনকারীদের বার বার বাবা ডেকেও শেষ রক্ষা হয়নি ওই নারীর। রবিবার দুপুর থেকে নির্যাতনের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হলে জেলায় তোলপাড় সৃষ্টি হয়। টনক নড়ে উঠে প্রশাসনের। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।