পিরোজপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে চীনা টেকনিশিয়ান নিহত

পিরোজপুর প্রতিনিধি।।
পিরোজপুরে বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে কর্মরত একজন চীনা নাগরিক ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তার নাম লাওফাং (৫৮)। বুধবার (০৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলার সদর উপজেলার কুমিরমারা গ্রামে প্রকল্প এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন তিনি।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ও প্রশাসন ) মোল্লা আজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, কুমিরমারা এলাকায় কঁচা নদীর ওপর নির্মাণাধীন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর প্রধান টেকনিশিয়ান ছিলেন চীনা নাগরিক লাওফাং। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রকল্প এলাকার ভেতরে শ্রমিকদের বেতন দিতে বের হয়ে ছিনতাইকার কবলে পড়েন তিনি। এসময় তাকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা টাকা ও সাইকেল ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

পিরোজপুর সড়ক নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন জানান, লাওফাং নির্মাণাধীন সেতু এলাকায় থাকা তার আবাসস্থল থেকে শ্রমিকদের শেডে যাচ্ছিলেন শ্রমিকদের বেতনের টাকা নিয়ে। এসময় দুর্বৃত্তরা তার বুকের ডান পাশে ছুরিকাঘাত করে তাকে গুরুতর আহত করে টাকাগুলো ছিনিয়ে নেয়। সেখান থেকে স্থানীয়রা লাওফাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার নিজাম উদ্দিন জানান, লাওফাংয়ের বুকের ডান পাশে ছুরির আঘাতে গভীর ক্ষত হয়েছে। হাসপাতালে আনা হলেও অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে তার।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন জানান, ছুরি টাকা ও সাইকেল উদ্ধার করা হয়েছে। হত্যাকারীকে আটকের জন্য চেষ্টা চলছে।