চার শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে রিকশাচালক গ্রেফতার

অনলাইন ডেস্ক।।
রাজধানীর খিলগাঁওয়ে এক রিকশাচালকের বিরুদ্ধে চার শিশুকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার শিশুদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। শিশুদের বয়স আনুমানিক ছয় থেকে ৯ বছরের মধ্যে।

এদিকে এ ঘটনায় অভিযুক্ত রিকশাচালক সজল মোল্লাকে (৫৫) গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, খিলগাঁও থানাধীন উত্তর গোড়ান এলাকায় একটি টিনশেড বাড়িতে ওই চার শিশু তাদের পরিবারের সঙ্গে থাকে। তাদের বাসার পাশেই থাকে রিকশাচালক সজল মোল্লা। বেশ কয়েকদিন ধরে তার স্ত্রী বাসায় না থাকায় শিশুদের চকলেটের লোভ দেখিয়ে রুমে ডেকে নিয়ে যেত সজল। সেখানে সে বিভিন্ন সময়ে শিশুদের ওপর যৌন নির্যাতন চালিয়ে আসছিল।

পুলিশ বলছে, বুধবার রাতে অভিযান চালিয়ে সজল মোল্লাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিকশাচালক শিশুদের নির্যাতনের কথা স্বীকার করেছে।

অভিযুক্ত সজলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে আদালতে রিমান্ডের জন্য তাকে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল বুধবার (০৭ অক্টোবর) ওই চার শিশুকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।