‘মা-বোনের ইজ্জত রক্ষার জন্য মাঠে নেমেছে বিএনপি’

অনলাইন ডেস্ক।।
বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি এ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেছেন, ৭৪ সালে এদেশে গণতন্ত্র ছিল না বলেই দুর্ভিক্ষ হয়েছিল। আজ দেশে গণতন্ত্র না থাকার কারণেই আইনশৃঙ্খলার অবনতির সাথে জবাবদিহীতা উঠে গেছে ভোটার বিহিন সরকারের কাছ থেকে। ভোটার বিহীন সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকার কারণেই তারা কোন কিছুই নিয়ন্ত্রন করতে পারছে না। এতদিন বিএনপি লড়াই করেছে জনগণের ভোটের অধিকারের জন্য এখন বিএনপি এদেশের মা-বোনের ইজ্জত ও সম্ভম রক্ষার জন্য মাঠে নেমেছে।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল ১১টায় সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে বরিশাল মহানগর বিএনপি আয়োজিত দেশব্যপি ধর্ষণ, নারী নির্যাতন ও পৈচাশিক ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

সরোয়ার আরো বলেন, এই আওয়ামী লীগ সরকার নিজেই জনগণের ভোটের সরকার নয় তাই তারা কোন কিছুই করতে পারছে না। আওয়ামী লীগের এখনও সময় আছে দ্রুত ক্ষমতা ছেড়ে দিয়ে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।

তিনি আরো বলেন, এই সরকার আজ বিভিন্ন অবৈধভাবে ক্ষমতায় থেকে সারাদেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নেয়ার পাশাপাশি এখন মা-বোনদের ইজ্জত কেড়ে নিতে শুরু করেছে। তারা দীর্ঘদিন ক্ষমতা দখল করে রাখার কারনেই তার দলের নেতা-কর্মীরা দেশের অর্থ-সম্পদ লুঠপাট করার নামে বেপরোয়া হয়ে যা ইচ্ছে তাই করছে। সরকার শুধু নিজেদের দোষ আড়াল করার জন্য লোক দেখানো গ্রেফতারের নাটক করছে। তারা যখনই ক্ষমতায় আসে তখনই এদেশের মা-বোনরা নিরাপত্তাহীনতা হয়ে পড়ে।

আরো বক্তব্য রাখেন- মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, কেন্দ্রীয় বিএনপি সদস্য আবুল হোসেন খান, কেন্দ্রীয় জাতীয়তাবাদি আইনজীবী ফোরাম সদস্য এ্যাড. আলী হায়দার বাবুল, মহানগর আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদ, মহানগর শ্রমিক দল সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ খান, মহানগর যুবদল সম্পাদক মাসুদ হাসান মামুন, জেলা যুবদল সভাপতি এ্যাড. পারভেজ আকন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাফিজ আহমেদ বাবলু, মহানগর মহিলা দল সভা নেত্রী শামিমা আকবর প্রমুখ।

এরপূর্বে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে একই প্রতিবাদে বরিশাল জেলা দক্ষিণ ও উত্তর জেলা বিএনপি যৌথ আয়োজনে বিক্ষোভ প্রতিবাদ সভা করে।