চীনা নাগরিক হত্যা একটি বিচ্ছিন্ন ঘটনা: শ ম রেজাউল করিম

মোঃ তরিকুল ইসলাম, পিরোজপুর।।
পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, চীনা নাগরিক হত্যাকান্ড একটি বিচ্ছিন্ন ঘটনা। জড়িতদের অভিলম্বে খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে। চীন আমাদের ঘনিষ্ট বন্ধু রাষ্ট্র। তারা আমাদের উন্নয়নের সবচেয়ে বড় অংশীদার, তাই চীনের নাগরিক হত্যার দ্রুত বিচার এর ব্যবস্থা করবে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন অপরাধীদে ক্ষমা কারেন না। তিনি প্রমাণ করে দিয়েছেন অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, অপরাধ করে পার পাবার কোন সুযোগ নেই।

মন্ত্রী বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুপুরে চীনের অনুদানে নির্মানাধীন চীন-বাংলাদেশ ৮ম মৈত্রী বেকুটিয়া সেতুর নির্মান সন্নিকটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত চীনা নাগরিক ও সেতুটির টেকনিশিয়ান লাওফেন (৫৮) এর হত্যার স্থান পরিদর্শন করেন এবং কর্মরত চীনা নাগরিকদের সাথে কথা বলেন। এ উপলক্ষে পিরোজপুর জেলা সার্কিস হাউজে আয়োজিত এক প্রেস ব্রিফিং-এ মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোঃ হায়াতুল ইসলাম খান, র‌্যাব বরিশাল-৮ এর উপ অধিনায়ক মেজর জাহাঙ্গীর আলম, সেতুটির সিকিউরিটি ইন-চার্জ মি. কাও, ডেপুটি ম্যানেজার মি. ওয়েন সহ জেলার বিভিন্ন প্রশাসনের কর্মকর্তরা।

উল্লেখ্য, গতরাতে বেকুটিয়া সেতুর টেকনিশিয়ান চীনা নাগরিক লাওফেন দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হন। পরে পিরোজপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ খবর শুনে মন্ত্রী ওই সেতুতে কর্মরত চীনা নাগরিকদের সাথে সাক্ষাৎ করতে বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরে আসেন।