৯ ছক্কা ৮ চারে রেকর্ডগড়া সেঞ্চুরি পাকিস্তানি ব্যাটসম্যানের

স্পোর্টস ডেস্ক।।
পাকিস্তানের ক্রিকেটে ইতিহাস গড়লেন মারকুটে ব্যাটসম্যান খুশদিল শাহ। শুক্রবার (০৯ অক্টোবর) রাতে দেশের হয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ডবইয়ে নাম লিখিয়েছেন ২৫ বছর বয়সী এই তরুণ।

ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে সাউদার্ন পাঞ্জাবের হয়ে এই রেকর্ড গেছেন খুশদিল। সেঞ্চুরি করেছেন মাত্র ৩৫ বলে। পাকিস্তানি কোনো ব্যাটসম্যানের এটাই দ্রুততম এবং বিশ্বে পঞ্চম দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি।

খুশদিল এমন সেঞ্চুরি করেছেন দলের চরম বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে। সিন্ধ বোলারদের তোপে ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল সাউদার্ন পাঞ্জাব। সেখানে দাঁড়িয়ে ৮ চার আর ৯ ছক্কায় সেঞ্চুরি তুলে নেন খুশদিল।

তার আগে পাকিস্তানি কোনো ব্যাটসম্যানের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ডটি ছিল আহমেদ শেহজাদের। ২০১২ সালে বিপিএলে ৪০ বলে সেঞ্চুরি করেছিলেন মারকুটে এই ওপেনার।

বিশ্বে খুশদিলের চেয়ে কম বলে টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড আছে চারটি। ৩০ বলে সেঞ্চুরি করে ক্রিস গেইল এই তালিকায় সবার ওপরে। ৩২ বলে রিশাভ পান্ত, ৩৩ বলে উইহান লুবে এবং ৩৪ বলে সেঞ্চুরি আছে অ্যান্ড্রু সাইমন্ডসের।

এছাড়া খুশদিলের মতো ৩৫ বলে সেঞ্চুরি করার রেকর্ড আছে দুজনের। তারা হলেন- ভারতের রোহিত শর্মা এবং দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। দুজনই সেঞ্চুরি করেছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে।