সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর বরিশাল মেট্রোপলিটন পুলিশ

রূপালী ডেস্ক।।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, বেশি বেশি তথ্য দিন, বিএমপি জনগণের দোরগোড়ায় নির্ভেজাল ও আস্থার সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর।

শনিবার (১০ অক্টোবর) নগরের এয়ারপোর্ট থানা আয়োজিত ওপেন হাউস ডে-তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান বলেন, যারা আইনের পক্ষের মানুষ, সমাজের সচেতন মানুষ, তাদের নিয়ে কমিউনিটি পুলিশিং-বিট পুলিশিং। যা আরও শক্তিশালী করে সমাজ থেকে অপরাধ দানা বাধার আগেই দমন করতে হবে। সবাই সবার অবস্থান থেকে সম্মিলিত উদ্যোগে আন্তরিক অংশগ্রহণে সামাজিক ও প্রশাসনিক দায়িত্ব পালনের মাধ্যমে একটি নারী বান্ধব, শিশু বান্ধব, মাদকমুক্ত নিরাপদ নগরী উপহার দেওয়া সম্ভব।

তিনি বলেন, জনগণের ন্যায়-অন্যায় সরাসরি শুনে, লিপিবদ্ধ করে জবাবদিহিতা নিশ্চিত করে নির্ভেজাল সেবা পৌঁছে দেওয়ার জন্য এ ‘ওপেন হাউস ডে’। বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং একই সূত্রে গাঁথা। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে কীভাবে অপরাধ দমন করা যায় সবাই সে বিষয়ে সাহায্য করবেন।

সভায় আরও উপস্থিত ছিলেন- বিএমপির সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুল করিম, সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) নাসরিন জাহান, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) প্রকৌশলী শাহেদ চৌধুরী প্রমুখ।