বাউফলে ধর্ষণ বিরোধী মানববন্ধন

এ.এফ.এম রিয়াজ, বাউফল (পটুয়াখালী)।।
‘গ্রেপ্তার কিংবা ফাঁসি নয়, ধর্ষকদের সবার সামনে হত্যা চাই’- এমন স্লোগান নিয়ে পটুয়াখালীর বাউফলে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
বাউফলের সচেতন শিক্ষার্থী জনতা’র আয়োজনে পালন করা হয়েছে ধর্ষনবিরোধী ওই মানববন্ধন।

রবিবার (১১ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় বাউফল পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত ওই মানববন্ধন কর্মসূচীতে বাউফল সরকারি মাধ্যমিক ও আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।

ধারাবাহিক ধর্ষণ ও যৌন হয়রানির বিরুদ্ধে দ্রুত বিচারের দাবিতে প্রতিবাদী ওই মানববন্ধনে বাউফল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনির ছাত্র তানবীর, লিয়ন, তানজিম রহমান সাদ ও বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনির ছাত্রী ইসরাত জাহান জুই বক্তব্য রাখেন।

পরে একই স্থানে সারা দেশ ব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণ ঘটনার মূল অপরাধী এবং ধর্ষকদের পৃষ্ঠপোষকদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছেন পুলকিত বাউফল অনলাইন নামে একটি সামাজিক সংগঠন।

এ সময় বিশিষ্ট সমাজসেবক ও ক্রিয়াবিদ আপেল মাহমুদ ফিরোজ, কাছিপাড়া কলেজের সহকারি অধ্যাপক শাহরিয়ার রিয়াজী মিতু, ছাত্রদল নেতা স্ইফুল ইসলাম ঝুরন, শফিকুর রহমান শিমুল, ছাত্রলীগ নেতা হাসান মাহমুদ রুবেল ও পৌর কাউন্সিলর সামছুন্নাহার রিপা বক্তব্য রাখেন।