ছাত্রীকে ধর্ষণ করতে গিয়ে লুঙ্গি ফেলে পালাল মামা, আটক ১

অনলাইন ডেস্ক।।
বগুড়ার শেরপুরে স্কুলছাত্রীকে ঘরের বেড়া কেটে ধর্ষণ করতে গিয়ে লুঙ্গি ফেলে পালিয়েছেন প্রতিবেশী মামা। অপরদিকে আরেক স্কুলছাত্রীকে ধর্ষণ করে পালিয়ে যাওয়া যু্বককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের শাহাপুর গ্রামে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার তিন সন্তানকে বাড়িতে রেখে তাদের বাবা মা গ্রামের বাড়ি সিরাজগঞ্জে যায়। সন্ধ্যায় একই গ্রামের মৃত মনু মিয়ার ছেলে বেলাল হোসেন তাদেরকে ফোন দিয়ে জানতে চায় রাতে তারা বাড়ি ফিরবে কি না? যানবাহন না পাওয়ায় তারা গ্রামের বাড়িতেই থাকবে বলে জানায়। রাত ১০ টার দিকে বেলাল হোসেন টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করে। এরপর তিনর ভাইবোনের মধ্যে বড় বোন পঞ্চম শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় অপর দুই ভাই তাদের প্রতিবেশী মামা বেলাল হোসেনের লুঙ্গি টেনে ধরে চিৎকার শুরু করলে লুঙ্গি ফেলে রেখে পালিয়ে যান তিনি। খবর পেয়ে বুধবার (১৪ অক্টোবর) সকালে তড়িঘড়ি করে স্কুলছাত্রীর বাবা বাড়ি ফিরেন। তারা বিষয়টি গ্রামের লোকজনসহ স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান।

ভবানীপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি স্থানীয় ভাবে শালিস করা বেআইনী হওয়ায় ভুক্তভোগীদেরকে থানায় অভিযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।

অপরদিকে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর এক স্কুলছাত্রীকে কয়েকদিন আগে ধর্ষণ করে একই এলাকার বাবলু শেখের ছেলে রাজিব শেখ (৩০)।

ভুক্তোভোগী ছাত্রীর মা জানান, রাজিব শেখ গত ৪ দিন পুর্বে মেয়েকে ধর্ষণ করলে মেয়ে অসুস্থ হয়ে পড়ে। লোক লজ্জায় কাউকে কোন কিছু না বলে বিষয়টি গোপন রাখা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে ৩টার দিকে বাড়িতে কেউ না থাকায় রাজিব আবার ধর্ষণের চেষ্টা করলে মেয়ের চিৎকার শুনে রাজিবকে ঘরের দরজা বন্ধ করে আটক করা হয়। পরে তার আত্মীয় স্বজন রাজিবকে ছিনিয়ে নিয়ে যায়।

শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন এ ঘটনায় মঙ্গলবার রাতে থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়। ওই রাতেই রাজিব শেখকে জয়লা বটতলা থেকে গ্রেফতার করা হয়।