গলাচিপায় ১১শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর গলাচিপায় ১১০০ পিস ইয়াবার সাথে এক নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) বিকাল সাড়ে ৩টা থেকে রাত অবধি অভিযান চালিয়ে পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃতরা হলেন- পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পুরাতন লঞ্চঘাট এলাকার আবদুল মান্নান মোল্লার মেয়ে জহরা বেগম মালা (৪২), গোডাউন রোডের মৃত গণি হাওলাদারের ছেলে আফজাল হোসেন হাওলাদার (৩০) ও ৩ নম্বর ওয়ার্ডের শান্তিবাগ এলাকার মো. শাহ আলম চৌকিদারের ছেলে রুমান চৌকিদার (৩০)। এ ব্যাপারে ওই রাতেই থানায় মামলা হয়েছে।

এ বিষয় নিয়ে বৃহস্পতিবার সকাল ১০টায় গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম এক প্রেস ব্রিফিং করেন। গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয় বিচারক তাদেরকে জেল হাজতে পাঠিয়ে দেয়।

থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে বরিশাল থেকে ইয়াবার একটি বড় চালান গলাচিপা পৌর শহরে প্রবেশ করে। ইয়াবার এ চালানটি খুব দ্রুত বিভিন্ন স্থানে ভাগ হয়ে যায়। এ সময় পুলিশ অভিযান চালিয়ে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পুরাতন লঞ্চঘাট এলাকা থেকে ১০০০ পিস ইয়াবাসহ জহরা বেগম মালাকে এবং সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিদ্দিক প্যাদা সড়ক থেকে ৫০ পিস ইয়াবাসহ আফজালকে ও ৫০ পিস ইয়াবাসহ রুমানকে গ্রেফতার করে। পরে রাত ভর পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। প্রাথমিক জিজ্ঞাসা বাদে আসামীরা ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার অপরাধ পুলিশের কাছে স্বীকারকরেছে।

এ ব্যাপারে গলাচিপা থানার ওসি মনিরুল ইসলাম জানান ইয়াবা ব্যবসার সাথে অন্য জড়িতদেরকে অবিলম্বে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হবেএবং অভিযান অব্যাহত থাকবে ।