নোয়াখালীতে বোনের বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎপৃষ্টে মৃত্যু

মো. ইব্রাহিম, নোয়াখালী।।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বোনের বাড়িতে বেড়াতে এসে আজ ১৫ অক্টোবর সকালে বিদ্যুৎপৃষ্টে ছকিনা আক্তার (২২) নামে এক গৃহবধূর করুণ মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ২ জন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডের চরবাটা গ্রামের আক্তার হোসেন’র বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ছকিনা আক্তার (২২) ২নং চরবাটা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আক্তার হোসেন’র স্ত্রী এবং এক সন্তানের জননী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত গৃহবধূ গত কয়েক দিন আগে উপজেলার একই ইউনিয়নের ২ নং ওয়ার্ডে বড় বোনের বাড়িতে বেড়াতে এসেছিল। বৃহস্পতিবার সকালে নিহতের বড় বোন আজিমা খাতুনের প্রতিবেশী ইউসুফ সরদার গাছ কাটার সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে আজিমা খাতুনের ঘরের চালে পড়লে পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে পড়ে। পরে রান্না করার সময় অসাবধানতাবশত ঘরের টিনের বেড়ায় হাত লেগে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই বোনের বাড়িতে মারা যায় ছকিনা। আহতদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে প্রেরণ করা হয়।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। পরবর্তীতে পুলিশ আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবে।