ধর্ষণ বিরোধী লংমার্চে হামলা, আহত ৮

অনলাইন ডেস্ক।।
দেশব্যাপী ধর্ষণ, নারী নিপীড়ন ও বিচারহীনতার প্রতিবাদে শাহবাগ থেকে নোয়াখালীর একলাশপুরগামী লংমার্চে ফেনীর পর দাগনভূঞাতেও হামলা হয়েছে। সেখানেও বাম ছাত্র সংগঠনগুলোর বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।

লংমার্চ সমর্থকরা জানিয়েছেন, লংমার্চের সমর্থনে দাগনভূঞা বাজারের জিরো পয়েন্টে স্থানীয় বামপন্থী নেতা-কর্মীরা মাইক লাগিয়ে সমাবেশ করছিলেন। এ সময় স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা হামলা করেন। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা মাঠে আছি।

উল্লেখ্য, বেলা ১২টার দিকে ফেনী শহরের কুমিল্লা বাস স্ট্যান্ড এলাকাতেও সমাবেশ থেকে ফেরার পথে ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা হামলা করেন। এতে ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেলসহ আহত হন অন্তত ২৫ জন।