পিরোজপুরে খেলতে খেলতে পুকুরে ডুবে গেল দুই ভাই

রূপালী ডেস্ক।।
পিরোজপুরের ভান্ডারিয়ায় পুকুরে ডুবে ইসরাফিল (৪) ও আইয়ূব (৪) নামের ২ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার নদমূলা-শিয়ালকাঠী ইউনিয়নের হেতালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ইসরাফিল হাওলাদার ওই গ্রামের প্রবাসী ফোরকান হাওলাদারের এবং আইয়ূব হাওলাদার মাসুম হাওলাদারের ছেলে। তারা দুইজন চাচাতো ভাই।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান জানান, দুপুর ১২টার দিকে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করছিলো শিশু দুটি। এক পর্যায়ে তারা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি করেন। পরে শিশু দুটির মরদেহ পুকুরে ভেসে উঠলে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তারা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, মৃত শিশুদের পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ইমাম হোসেন জানান, পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।