পণ্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করবেন না: জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক।।
প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ও স্থিতিশীল রাখার বিষয়ে রোববার (১৮ অক্টোবর) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- অতিরিক্ত সচিব (আইআইটি-২) বাণিজ্য মন্ত্রণালয় এ. এইচ. এম. সফিকুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাইমুল হক, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিণ বিএমপি) মোঃ জাকারিয়া রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নুরুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবু সাইদ, ক্যাব প্রতিনিধি রঞ্জিত দত্ত, বরিশাল মহানগরীর বিভিন্ন বাজার কমিটির সভা, আড়তদার ব্যবসায়িরা, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অতিথিরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ও স্থিতিশীল রাখার বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

এসময় প্রধান অতিথি বলেন, আমাদের দেশে ভোক্তার চাহিদা অনুযায়ী সকল পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। একটি মহল গুজব ছড়ানোর মাধ্যমে দেশের বাজার অস্থিতি সীল করতে কাজ করছে। আমরা গুজবে কান না দিয়ে প্রয়োজন অনুযায়ী পণ্য ক্রয় করি। আর ব্যবসায়িদের প্রতি আহবান রইলো আপনারা কোনো পণ্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করবেন না। এমনকি অধিক দামে পণ্য বিক্রয় করবেন না সরকারের নিধারিত মূল্যে পণ্য বিক্রয় করবেন নইলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এ সময় তিনি বর্তমান আলু এবং পেঁয়াজ এর মূল্য বৃদ্ধি নিয়ে কথা বলেন।