নলছিটিতে যুবলীগের অফিস দখলের অভিযোগ

নলছিটি প্রতিনিধি।।
ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার দপদপিয়া জিরো পয়েন্টে অবস্থিত আওয়ামী যুবলীগ এর কার্যালয় দখল করে সেখানকার সাইনবোর্ড, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী’র ছবি ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। অফিস দখল ও ভাংচুরের ঘটনার দিন অভিযোগকারী ব্যক্তিগত কাজে ঢাকায় ছিলেন।

এ ঘটনায় বেদখল হওয়া যুবলীগ অফিসের ঘর মালিক ও দপদপিয়া ইউনিয়ন যুবলীগ এর যুগ্ম-সাধারন সম্পাদক নুরুল আলম খান বাদী হয়ে গত ১৯ অক্টোবর (সোমবার) নলছিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম তালুকদার ও উপ-পরিদর্শক জসিম গতকাল (মঙ্গলবার) ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাদী দাবি করেন, স্থানীয় মারুফা আক্তার পপি’র নেতৃত্বে তার ছেলে জিহাদ, ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আইয়ুব আলি হাওলাদার, তার ছেলে ২নং ওয়ার্ড যুবদল সভাপতি আল মামুন যুবলীগ কার্যালয় দখল করে এবং ভেতরে থাকা বঙ্গবন্ধু’র ও প্রধানমন্ত্রী’র ছবিসহ আসবাব পত্র ভাংচুর করেছে। দখলবাজেরা সেখানে একটি ভ্যারাইটিজ দোকানের সাইনবোর্ড লাগিয়েছে।