দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী আহত

প্রবাস ডেস্ক।।
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আবুল হোসেন রাসেল নামে একজন বাংলাদেশি মারাত্মক আহত হয়েছে। গুলিবিদ্ধ আবুল হোসেন নোয়াখালীর বেগমগঞ্জ থানার কালিকাপুর এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের পোর্ট এলিজাবেথ শহরের নর্দানে নিজ দোকানে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাংলাদেশি ব্যবসায়ীরা জানান, একদল সশস্ত্র সন্ত্রাসী বাংলাদেশি ব্যবসায়ী রাসেলের দোকানে ডাকাতির উদ্দেশ্যে হানা দিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। পরে স্থানীয় বাংলাদেশিরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে, দক্ষিণ আফ্রিকায় কয়েকজন পাকিস্তানি ও নাইজেরিয়ান নাগরিক মিলে ফারুক মিয়া (৩৮) নামে এক বাংলাদেশিকে অপহরণ করে স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করেছে। ফারুক মিয়া নরসিংদী জেলার রায়পুর উপজেলার বাঘাই কান্দির হযরত আলীর ছেলে।

গত ১৭ অক্টোবর স্থানীয় সময় রাত ১১টার দিকে দক্ষিণ আফ্রিকার নর্দান কেপ প্রদেশের ক্যালিফোর্নিয়া নামক এলাকা থেকে চারজন পাকিস্তানি ও নাইজেরিয়ানের সহযোগিতায় দোকান থেকে ফারুক মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়িতে তুলে নিয়ে চলে যায়।

অপহরণের দুই দিন পর ফারুকের বাড়িতে ও তার পার্শ্ববর্তী অপর একজন দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীর কাছে ফোন করে বাংলাদেশি মুদ্রায় ৭৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। ফারুক মিয়ার প্রতিবেশী বাংলাদেশি ব্যবসায়ী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নর্দান কেপ প্রদেশের ক্যালিফোর্নিয়ার একটি এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করতেন ফারুক। তিনি স্থানীয় এক কৃষাঙ্গ নারীকে বিয়ে করেন। তার স্ত্রী বাদী হয়ে স্থানীয় পুলিশ স্টেশনে মামলা করেছেন।