আগৈলঝাড়ায় আ. লীগ নেতাকে লাঞ্ছিত, ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৩

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত হয়েছে ৩জন। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার রত্মপুর ইউনিয়নের সাহেবের হাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোরাফ হাওলাদারকে লাঞ্জিত করেন মোল্লাপাড়া গ্রামের আপন ঢালী ও শেখর ঢালীসহ ৫-৬জনের একটি দল।

আওয়ামী লীগ নেতা সোরাফ হাওলাদারকে লাঞ্জিত করার প্রতিবাদ করায় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। এসময় আপন ঢালী ও শেখর ঢালীসহ তাদের লোকজনের হামলায় রাহাত হাওলাদার, ইব্রাহিম হাওলাদারসহ তিনজন আহত হয়েছে। আহত দুইজনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সংবাদ পেয়ে ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় ওসি (তদন্ত) মাজাহারুল ইসলাম বলেন, সিনিয়র ও জুনিয়রের ঘটনা নিয়ে দু-পক্ষের একটু ধাওয়া হয়েছে। দুই জন আহত হয়েছে। বর্তমানে ওই স্থান শান্ত রয়েছে। কোন পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।