ইরফান সেলিমের আরেক সহযোগী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক।।
নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের অভিযোগে করা মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের আরেক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া আসামির নাম এ বি সিদ্দিক ওরফে দিপু। তিনি হাজি সেলিমের ব্যবসায়ী প্রতিষ্ঠান মদিনা গ্রুপের প্রটোকল অফিসার।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) রমনা বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হক মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন।

আজিমুল হক বলেন, এ বি সিদ্দিক ওরফে দিপুকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে সোমবার এই মামলায় গ্রেপ্তার হন ইরফান সেলিম, তার দেহরক্ষী মো. জাহিদ ও গাড়িচালক মিজানুর রহমান।

রোববার রাতে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে ইরফান ও তার সহযোগীদের হাতে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খান মারধরের শিকার হন। এ ঘটনায় হাজী সেলিমের ছেলেসহ চারজনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত দু-তিনজনকে আসামি করে ধানমন্ডি থানায় মামলা করেন নৌবাহিনীর ওই কর্মকর্তা।