এবার হত্যা মামলায় রিমান্ডে সেই দেলোয়ার

মো. ইব্রাহিম, নোয়াখালী।।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে আলোচিত গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেনকে এবার হত্যা মামলায় রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একইসঙ্গে গৃহবধূ নির্যাতন মামলার ৪নং আসামি ইস্রাফিলেরও রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসফিকুল হক এ রিমান্ড মঞ্জুর করেন।

জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আলতাফ হোসেন জানান, বেগমগঞ্জের হাসান হত্যা মামলার মাস্টারমাইন্ড দেলোয়ার হোসেনকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে বুধবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে বেগমগঞ্জ থানা পুলিশ।

অপরদিকে একলাশপুরে গৃহবধূ নির্যাতন মামলার ৪নং আসামি ইস্রাফিলের সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করে পিবিআই। আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসফিকুল হক শুনানি শেষে দেলোয়ারের তিন দিন এবং ইস্রাফিলের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।