মহানবী (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র: প্রতিবাদে বাবুগঞ্জে বিক্ষোভ

বাবুগঞ্জ প্রতিনিধি।।
ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বরিশালের বাবুগঞ্জে বিভিন্ন মসজিদ এর ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

শুক্রবার (৩০ অক্টোবর) জুম্মার নামাজ বাদ রহমতপুর ও মাধবপাশা ইউনিয়ন ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়৷ বিক্ষোভ শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর কুশপুত্তলিকা দাহ করেছে।

এ সময় উপস্থিত ছিলেন- হাফেজ মাওলানা রহমাতুল্লাহ, মুফতি মোঃ রবিউল ইসলাম, মাওলানা আজিজুর রহমান, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা নেয়ামতুল্লাহ মাওলানা হাবিবুর রহমান সমাজসেবক কাজী মইদুল ইসলাম লিটন, ইউপি সদস্য কাজী সেন্টু, জাতীয় পার্টি নেতা হামিদুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, নজরুল খান, মাওলানা আলামিন প্রমুখ।

এ কর্মসূচিতে উপস্তিত উলামায়ে কেরাম বলেন, ‘ফান্সে সরকারের প্রত্যক্ষ মদতে ইসলামকে অবমাননা করে রাসুল (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। এর প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। শুধু ফ্রান্সে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে। আমরা সেই সব ঘটনার নিন্দা জানাই।

তারা আরো বলেন, এমন নিকৃষ্ট কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সকল মুসলিম দেশ, নেতৃবৃন্দ ও শান্তিকামী মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি। এমন ঘটনা প্রতিরোধে মুসলিম উম্মাহর উচিৎ ঐক্যবদ্ধভাবে জোরালো প্রতিবাদ করা। একই সাথে মুসলিম উম্মাহকে ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানাচ্ছি।