মুলাদী আল-রাজী স্কুলের ২০২১ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম উদ্বোধন

ভূঁইয়া কামাল, মুলাদী।।
বরিশালের মুলাদী উপজেলা সদরে প্রতিষ্ঠিত আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুলের ২০২১ সালের শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম ৩১ অক্টোবর শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ের হল রুমে উদ্বোধন করেন।
আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান উপদেষ্টা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ও শিশু বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ সৈয়দ জাহিদ হোসেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান ডা. কে.এম জাহিদুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুল প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের পরিশ্রমের ফলেই ভালো ফলাফল করে আজ বিদ্যালয়টি শিক্ষা ক্ষেত্রে সকলের দৃষ্টি কেড়ে নিয়েছে। আপনাদের সকলের সহযোগিতায়ই আগামী দিনেও ভাল ফলাফলের মধ্যে দিয়ে উপজেলায় প্রথম স্থান দখল করতে পারবো ইনশাআল্লাহ।
সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুল-এর অভিভাবক সমাবেশ ও ভর্তি কার্যক্রম অর্থসহ কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ মু. আব্দুল্লাহ আহাদ।
অভিভাবকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অভিভাবক, উপদেষ্টা, পরিচালক ও শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কুলের এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল মোতালেব, পরিচালক কাজী মোকাদ্দেছ হোসেন, উপাধ্যক্ষসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ।