মাত্র ১৪ বছরেই যৌন হেনস্থার শিকার, মুখ খুললেন আমিরকন্যা ইরা

বিনোদন ডেস্ক।।
কেন তিনি মনমরা থাকেন, কেন অবসাদ গ্রাস করেছে তাকে, তারকার বিশেষ সুবিধাপ্রাপ্ত সন্তান হওয়ার পরও কেন অবসাদগ্রস্ত হয়ে পড়েন? সম্প্রতি এমনই অনেক প্রশ্নের সামনে পড়তে হয়েছে ‘মিস্টার পারফেকসনিস্ট’ খ্যাত বলিউড অভিনেতা আমির খান এবং রিনা দত্তের মেয়ে ইরা খানকে। মানসিক অবসাদ নিয়ে কথা বলার পর যখন ইরা খানকে বিভিন্ন ধরনের প্রশ্নের মুখোমুখি পড়তে হচ্ছে, তখনই সব প্রশ্নের স্পষ্ট উত্তর দিলেন আমিরকন্যা।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন ইরা খান। যেখানে অবসাদ নিয়ে কথা বলার পাশাপাশি কেন তিনি মনমরা থাকতেন এক সময়, সে বিষয়েও খোলামেলা জানিয়েছেন সবাইকে।

ইরা বলেন, মাত্র ১৪ বছর বয়সে যৌন হেনস্থার মুখোমুখি হয়েছি আমি। যখন আমাকে ওই দুঃসহ অভিজ্ঞতার মুখে পড়তে হয়, তখন সে বিষয়ে ইমেল করে বাবা-মাকে সবকিছু জানিয়েছি। এরপর ওই দুঃসহ পরিবেশ থেকে মা-বাবাই আমাকে টেনে বের করে আনেন।

যৌন হেনস্থা কী এবং কেন তার সঙ্গে ওই ধরনের ঘৃণ্য কাজ করা হচ্ছে, তা প্রথমে বুঝে উঠতে পারেননি ইরা। পরে বাবা-মায়ের সাহায্যে অবসাদের জাল কেটে তিনি বেরিয়ে আসতে শুরু করেন। এরপর আর কখনও তাকে ওই ধরনের দুঃসহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়নি বলে জানান ইরা খান।