চলচ্চিত্র প্রযোজক নাসিরউদ্দিন দিলু আর নেই

বিনোদন ডেস্ক।।
চলচ্চিত্র প্রযোজক ও বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সাবেক সদস্য নাসির উদ্দিন দিলু আর নেই। মঙ্গলবার (০৩ নভেম্বর) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর চিত্রনায়ক ওমর সানী বিষয়টি নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরেই হার্টসহ বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন নাসিরউদ্দিন দিলু। গেল দু’দিন আগে তার শরীর অনেক খারাপ হয়। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টার দিকে মৃত্যুবরণ করেন তিনি।

ওমর সানী বলেন, খুবই ভালো মানুষ ছিলেন দিলু ভাই। সজ্জন ব্যক্তি। সবসময়ই মুখে হাসি লেগে থাকতো। ১৫-২০টির মতো সিনেমা তিনি প্রযোজনা করেছেন। সেইসব সিনেমা ছিলো সফল ও প্রশংসিত। কোনো অহংকার ছিলো না। মানুষের সঙ্গে মন খুলে মিশতেন, আড্ডা মারতেন। একজন শিক্ষিত, মার্জিত রুচিশীল গুণী মানুষ ছিলেন দিলু ভাই। সেন্সর বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে তিনি আমাদের সিনেমার মানুষদের গৌরব বাড়িয়েছেন। তার জন্য সবাই দোয়া করবেন।

প্রায় ১৫টিরও বেশি চলচ্চিত্র প্রযোজনা করেছেন নাসিরউদ্দিন দিলু ।বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশ সমিতিতে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়েছেন। পরপর দুইবার সভাপতির দায়িত্ব পালন করেছেন।

কাজ করেছেন সেন্সর বোর্ডের সদস্য হিসেবে। চলচ্চিত্রের চলমান দুঃসময়েও পেছন থেকে নিরলসভাবে কাজ করছেন এই প্রযোজক নেতা। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট নানা সংগঠনের নির্বাচনে।