আগৈলঝাড়ায় কে এই আশা রানী মন্ডল, বার বার রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেন

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় রাস্তা দখল করে বেড়া দিয়ে শহীদ আরিফ সেরনিয়াবাত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার জনসাধারনের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে একটি পরিবার। এ ঘটনা গৈলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জানানো হয়েছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা গ্রামের তর্কবাগিস রোড সংলগ্ন গৈলা শহীদ আরিফ সেরনিয়াবাত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর প্রবেশ পথে রাস্তা দখল করে মঙ্গলবার (০৩ অক্টোবর) সকালে বেড়া দিয়েছে একই এলাকার মৃত গোবিন্দ মন্ডলের স্ত্রী আশা রানী মন্ডল। বিদ্যালয়টি প্রতিষ্ঠার একশত বছর পূর্ব থেকেই এই রাস্তা দিয়ে প্রতিদিন এলাকার শতশত লোকজন যাতায়াত করে আসছে। এর পূর্বেও আশা রানী একাধিকবার রাস্তাটিতে বেড়া ও গর্ত করে রাখার কারনে স্থানীয়রা অনেকবার দুর্ঘটনার শিকার হয়েছিল।
এলাকাবাসী বাঁধা দিলেও আশা রানী মাটি কাটা বন্ধ না করে তাদের গালমন্দ করেছিল। তখন এলাকাবাসী অভিযোগ দিলে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস ও গৈলা মডেল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটুর নির্দেশে গর্তকৃত রাস্তাটি ভরাট করতে বাধ্য হয় ওই নারী। প্রায়ই তিনি ওই রাস্তা দিয়ে লোকজনের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে।

এ ঘটনা সম্পর্কে গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু বলেন, আমি রাস্তা দখল করে বেড়া দেওয়ার ঘটনা শুনেছি। ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।