করোনা-বর্ণবাদ নয় আমেরিকানদের কাছে অর্থনীতি গুরুত্বপূর্ণ

আন্তর্জাতিক ডেস্ক।।
মহামারির প্রকোপে দেশ বিপর্যস্ত হলেও ২০২০ সালের মার্কিন নির্বাচনে ভোটারদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অর্থনীতি। এক-ততৃীয়াংশ ভোটার এমনটাই বলছেন। পাঁচ জনের একজন মনে করেন, করোনাভাইরাস গুরুত্বপূর্ণ। এদিকে বর্ণবাদের বিষয়টিকে গুরুত্বের তালিকায় শীর্ষে রাখছেন এক-পঞ্চমাংশ ভোটার।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক অনলাইন প্রতিবেদনে আরও জানিয়েছে, দেশটির এবারের তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও নজিরবিহীন নির্বাচনে প্রতি দশ জন ভোটারের একজন মনে করেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অপরাধ ও সুরক্ষা। ঠিক একইভাবে দশ জনের একজন এগিয়ে রাখছেন স্বাস্থ্যসেবা সংক্রান্ত নীতিকে।

বুথ ফেরত জরিপের মাধ্যমে নেয়া ভোটারদের অভিমতের ভিত্তিতে এমন তথ্যই পাওয়া গেছে। তবে অর্ধেকের বেশি ভোটার বলছেন, অর্থনীতি পুনর্গঠনের চেয়ে করোনা সংক্রমণের লাগাম টেনে ধরা গুরুত্বপূর্ণ। অর্ধেকের বেশি ভোটারের মত, করোনা প্রতিরোধ করা হচ্ছে ভালোভাবেই। অর্ধেক আবার বলছেন এর বিপরীতটা।

করোনার সংক্রমণ নিয়ে ভোটাররা মোটা দাগে দুইভাগে ভাগ হয়ে গেছেন। তবে ট্রাম্প প্রশাসনের করোনা মোকাবিলা নিয়ে সমালোচনা বেশ পুরোনো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিষয়টি নিয়ে নানা খামখেয়ালিপূর্ণ বক্তব্য দিয়েছেন। অবশ্য অর্থনীতি সচল করার তাগিদ দিয়ে অনেকের সমর্থনও আদায় করেন তিনি।

বর্তমান অর্থনীতির অবস্থা কেমন এ নিয়েও বিভাজন দেখা দিয়েছে ভোটারদের মধ্যে। প্রতি পাঁচ জন ভোটারের একজন বলছেন, চার বছর আগের চেয়ে এখন অর্থনীতির অবস্থা ভালো। প্রতি পাঁচ জনে আবার একজনের মত, অর্থনীতির অবস্থা আরও খারাপ হয়েছে। অপরদিকে পাঁচ জনে দুইজন বলছেন, কোনো পরিবর্তন হয়নি।

কোভিড-১৯ ট্রাম্পের জয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে বলে এতদিন ধারণা করা হলেও এই বুথ ফেরত জরিপ ভিন্ন কথা বলছে। দুই-তৃতীয়াংশ ভোটার বলছেন, স্বাস্থ্য সুরক্ষায় প্রত্যেকের মাস্ক পরা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিপরীতে প্রতি দশ জনের তিন জন মনে করেন, এটা যার যার ব্যক্তিগত পছন্দের ব্যাপার।