কাঠালিয়ায় সরকারি অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী কৃষক নিহত

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি।।
ঝালকাঠির কাঠালিয়ায় সরকারি অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী অধীর চন্দ্র মাতুব্বর (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (০৪ নভেম্বর) বিকেলে আমুয়া-কাঁঠালিয়া সড়কের বটতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। বৃহস্পতিবার তাঁর মৃতদেহের শেষকৃত্তি সম্পন্ন করা হয়েছে।

নিহতের ছেলে শেখর চন্দ্র মাতুব্বর ও স্থানীয়রা জানান, অধীর চন্দ্র মাতুব্বর তাদের নার্সারী থেকে গাছের চারা নিয়ে বটতলা বাজারে বিক্রি করে বাড়ি ফিরছিলেন। এ সময় ঝালকাঠিগামী কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশে ছিটকে পড়ে সে গুরুতর আহত হয়।

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, অ্যাম্বুলেন্সের চালক আবু হানিফ, তিনি না চালিয়ে তাঁর ছেলে মো. মঞ্জু চালাচ্ছিলেন। এ কারনে দুর্ঘটনা ঘটে। লাশ উভয়পক্ষের সম্মতির পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।