ফেসবুকে প্রেম করে বিয়ে, সংসারের শুরুতেই স্ত্রী খুন

অপরাধ ডেস্ক।।
ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়েছিল জহির ইসলাম নিলয় ও লিমা আক্তারের। পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। এরপরই ২৫ অক্টোবর পরিবারের অমতে বিয়ে করেন তারা। কয়েক দিন না যেতেই শুরু হয় মনোমালিন্য। এর জের ধরে লিমাকে (২১) শ্বাসরোধে হত্যা করেন নিলয় (২৮)।

গত শুক্রবার রাতে নিলয়কে গ্রেপ্তারের পর রাজধানীর মুগদা থানা পুলিশ এসব তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, গত বুধবার গভীর রাতে মুগদার দক্ষিণ মান্ডার একটি বাসা থেকে লিমার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। লিমার গলায় ওড়না পেঁচানো ও হাত বাধা ছিল। তার ভাই আল ইসলাম সমুন বাদি হয়ে মুগদা থানায় হত্যা মামলা করেন। প্রধান আসামি করা হয় নিলয়কে। নিলয় পলাতক ছিলেন।

শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মোগড়াপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিলয় পুলিশকে জানিয়েছেন, বিয়ের পরদিন থেকেই তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়। ৩০ অক্টোবর রাতে বাসায় দু’জনের ঝগড়া হয়। এক পর্যায়ে রাত ১১ টার দিকে গলায় ওড়না পেঁচিয়ে লিমাকে তিনি হত্যা করে পালিয়ে যান।