ভানুয়াতুতে প্রথম বারের মতো করোনা রোগী শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক।।
করোনাভাইরাস মুক্ত সীমিত সংখ্যক দেশের তালিকা থেকে বের হয়ে যেতে হলো ভানুয়াতুকে। প্রশান্ত মহাসাগরীয় দেশটিতে প্রথম বারের মতো একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) এই ঘোষণা দিয়ে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ২৩ বছর বয়সী ওই রোগী সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। কোয়ারেন্টিনে থাকার পঞ্চম দিনে মঙ্গলবার তার শরীরে ভাইরাসটির উপস্থিতি নিশ্চিত হওয়া যায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্ব জুড়ে কোটি কোটি মানুষ আক্রান্ত হয়েছেন। দ্রুতগতিতে করোনা ভাইরাসের বিস্তার হতে থাকায় গত ৩০ জানুয়ারিতে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তারপরও ভাইরাসটির বিস্তার ঠেকাতে না পেরে গত ১১ মার্চ বিশ্ব জুড়ে মহামারি ঘোষণা করে সংস্থাটি।

বিশ্বের অধিকাংশ দেশেই করোনার বিস্তার ঘটলেও প্রশান্ত মহাসাগরের কয়েকটি দেশ দীর্ঘদিন ধরেই এই ভাইরাস মুক্ত থাকতে পেরেছে। তবে বুধবার ভানুয়াতুর পাবলিক হেলথের পরিচালক লেন তারিভোন্দা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘কোয়ারেন্টিনে থাকা এক জনের আক্রান্ত শনাক্ত হয়েছে। একে সীমান্ত পার হয়ে আসা ঘটনা হিসেবে ধরা হচ্ছে, প্রাদুর্ভাব হিসেবে নয়।’

ভানুয়াতুর পাবলিক হেলথ বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে, লক্ষণহীন ওই ব্যক্তি উচ্চ-ঝুঁকিপূর্ণ স্থান থেকে আসায় বিমানেও বিচ্ছিন্ন ছিলেন। নিউ জিল্যান্ডের অকল্যান্ডে তিনি যাত্রাবিরতি করেন। ভানুয়াতুতে পৌঁছানোর পর সামাজিক দূরত্বের রীতি অনুসরণ করেন তবে তার সংস্পর্শে আসা মানুষদের শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

দুর্বল স্বাস্থ্য অবকাঠামোর কারণে মহামারি নিয়ে ব্যাপক উদ্বেগে রয়েছে প্রশান্ত মহাসাগরীয় এলাকার বহু দেশ। এই অঞ্চলের যেসব দ্বীপ দেশে এখনও ভাইরাসটি প্রবেশ করেনি সেগুলোর মধ্যে রয়েছে কিরিবাতি, মাইক্রোনেশিঙয়া, নাউরু, পালাউ, সামোয়া, টোঙ্গো এবং টুভ্যালু। তবে গত মাসে সলোমান দ্বীপপুঞ্জ ও মার্শাল আইল্যান্ডে প্রথম বারের মতো করোনা রোগী শনাক্ত হয়। তবে এসব দেশে এখনও কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়নি।