নলছিটিতে কাউন্সিলর পদে গোলাম রাব্বীর নির্বাচনী প্রচারণা শুরু

নলছিটি প্রতিনিধি।।
আসন্ন নলছিটি পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে এইচ এম গোলাম রাব্বী। পৌরসভার ২নং ওয়ার্ডের বৈচুন্ডী ও নাঙ্গুলী গ্রাম থেকে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ব্যাপকভাবে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছেন এই তরুণ প্রার্থী।

এ উপলক্ষে বুধবার ১১ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার নিজ বাড়িতে এক উঠান বৈঠকে প্রার্থীতা ঘোষণা দেন।প্রার্থীর নিজ বাড়িতে আয়োজিত উঠান বৈঠকে ব্যাপক লোকসমাগম হয়।

উপস্থিত বক্তারা বলেন- নলছিটি পৌরসভার ২ নং ওয়ার্ড টি অত্যন্ত অবহেলিত ওয়ার্ড। বিশেষ করে জনবহুল বৈচন্ডী এলাকার জনসাধারণ আরো বেশি সুবিধাবঞ্চিত। তাই আমরা আগামী নির্বাচনে কাউন্সিলর পদে পরিবর্তন চাই। আমাদের দৃষ্টিতে এইচএম গোলাম রাব্বী একজন যোগ্য প্রার্থী।

কাউন্সিলর প্রার্থী এইচ এম গোলাম রাব্বী ঘন্টাব্যাপী তার গঠনমূলক বক্তব্যে বলেন, আমি একজন তরুণ প্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি। আমি নির্বাচিত হলে আমার সাধ্যের সবটুকু দিয়ে ২ নং ওয়ার্ডবাসীর সেবায় নিয়োজিত থাকবো। আমার দাদা মোহাম্মদ আফতাব উদ্দিন হাওলাদার সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য ছিলেন। মেম্বার হিসেবে তিনি অত্র এলাকায় ব্যাপক সুনাম কুড়িয়েছেন। তিনি আরো বলেন, আপনার ভোট মূল্যবান সম্পদ। আপনার মূল্যবান ভোট এর মাধ্যমে অসৎ ব্যক্তি কে নির্বাচিত করলে কেয়ামতের ময়দানে তার পাপের ফল আপনিও পাবেন। তাই নির্বাচনের সময় কারো প্রলোভনে না পরে দেখে শুনে বুঝে আপনার মূল্যবান ভোট দিন।

উল্লেখ্য, তরুণ সমাজসেবক এইচএম গোলাম রাব্বি প্রার্থিতা ঘোষণা করায় তার নির্বাচনী এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। তিনি করোনাকালীন সময় ত্রাণ কার্যক্রম সহ বিভিন্ন সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তার সততা, নিষ্ঠা, ধর্মভীরুতা ও ভদ্রতার কারণে এলাকাবাসী তাকে আগামী নির্বাচনে কাউন্সিলর হিসেবে পেতে চায়।