বরিশালে আইনজীবীর চেম্বার থেকে ফেন্সিডিল উদ্ধার

রূপালী ডেস্ক।।
বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট এইচ এম আলম রশীদ লিখনের চেম্বার থেকে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

মহানগর গোয়েন্দা পুলিশ রোববার জেলা জর্জকোর্ট সংলগ্ন ফজলুল হক এভিনিউতে ওই চেম্বার থেকে এই ফেন্সিডিল উদ্ধার করে। অভিযানের আগেই আইনজীবী লিখন চেম্বার থেকে পালিয়ে যান। এইচ এম আলম রশীদ লিখন নগরীর হাসপাতাল রোড এলাকার মো. আব্দুল মজিদের ছেলে।

মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার (এসি) নরেশ কর্মকার জানান, জজকোর্ট সংলগ্ন ফজলুল হক এভিনিউ এলাকায় মাদক কেনা-বেচা হয় এমন তথ্য তাদের কাছে ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অ্যাডভোকেট এইচ এম আলম রশীদ লিখনের চেম্বারে তারা অভিযান চালান।

তিনি জানান, গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই আত্মগোপন করেন অ্যাডভোকেট এইচ এম আলম রশীদ লিখন। তার টেবিলের ড্রয়ার থেকে ১০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ ঘটনায় আলম রশীদ লিখনের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি ও তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।-সমকাল