নিজেকে ফিরে পেতে মরিয়া আশরাফুল

স্পোর্টস ডেস্ক।।
তিন বছর নিষেধাজ্ঞা কাটিয়ে মোহাম্মদ আশরাফুল ঘরোয়া ক্রিকেটে ফেরেন ২০১৭ সালে। জাতীয় লিগ, ঢাকা প্রিমিয়ার লিগ, বিপিএলেও খেলেছেন প্রত্যাবর্তনের পর। কিন্তু কোনো আসরেই আগের মতো জ্বলে উঠতে পারেননি। গড়পড়তা পারফরম্যান্স করে একটু একটু করে এগিয়েছেন জাতীয় দলের সাবেক এ ব্যাটসম্যান। দেশের ক্রিকেটের এক সময়ের বড় তারকা নিজেকে খুঁজে বেড়াচ্ছেন ফেলে আসা অতীতে। মরিয়া হয়ে চেষ্টা করে গেলেও ব্যাটিংয়ে সোনালি সময়ের ছায়া হয়েই থেকেছেন ৩৬ বছর বয়সী এ ক্রিকেটার।

সীমাবদ্ধতার বৃত্ত ভাঙতে এবার আরও মরিয়া হয়ে উঠেছেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। কোচ সারওয়ার ইমরানকে নিয়ে গত তিন মাস অনুশীলন করেছেন তিনি। এলাকাভিত্তিক ২৫টি ম্যাচও খেলেছেন টপঅর্ডার এ ব্যাটসম্যান।

বঙ্গবন্ধু টি২০ কাপে কোচ সারওয়ার ইমরানের দল মিনিস্টার রাজশাহীতে খেলার সুযোগ পেয়েছেন আশরাফুল। স্কোয়াডের ১৬ জনের একজন তিনি। বিসিবির এই টুর্নামেন্ট দিয়ে নিজেকে সেরা ছন্দে নিয়ে যেতে চান দেশের প্রথম তারকা ক্রিকেটার।

তিনি বলেন, ‘করোনাকালে খেলা ছিল না। মিরপুরে অনুশীলনেরও সুযোগ পাইনি। আমি চেষ্টা করেছি এই সময়টাকে কাজে লাগাতে। ইমরান স্যারকে নিয়ে টানা অনুশীলন করেছি। ধানমন্ডি চার নম্বর মাঠ, শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠ, শ্যামলী ও আফতাবনগর মাঠে যখন যেখানে সুযোগ পেয়েছি অনুশীলন করেছি। আত্মবিশ্বাস আগের চেয়ে অনেক ভালো। চেষ্টা করব ভালো ক্রিকেট খেলতে।’

কোচ সারওয়ার ইমরানেরও বিশ্বাস, বঙ্গবন্ধু টি২০ কাপে ভালো করবেন আশরাফুল। তিনি বলেন, ‘ওকে নিয়ে কাজ করেছি। ফোকাসে থাকলে আশা করা যায় ভালো খেলবে। বাকিটা ম্যাচে নামলে বোঝা যাবে।’