ভুল হলে ক্ষমা প্রার্থনা করছি: সাকিব

স্পোর্টস ডেস্ক।।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কলকাতায় পূজার অনুষ্ঠানে যাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সোমবার এক ভিডিও বার্তায় ওই বিতর্ক নিয়ে কথা বলেছেন সাকিব। জানিয়েছেন, তিনি পূজার উদ্বোধন করতে যাননি। তারপরও ভক্তরা যদি মনে করেন তিনি ভুল করেছেন, তার জন্য ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন।

তিনি বলেছেন, ‘আমি নিজেকে একজন গর্বিত মুসলিম মনে করি। সেটা পালন করারও চেষ্টা করি। তবে ভুল-ত্রুটি নিয়েই আমরা জীবনে চলাচল করি। ভুল-ক্রুটি হবেই। আমার কোন ভুল হয়ে থাকলে অবশ্যই আমি ক্ষমা প্রার্থনা করছি। কারো মনে কষ্ট দিয়ে থাকলে সেজন্য আমি ক্ষমা চাচ্ছি।’

সাকিব জানিয়েছেন, তিনি পূজার উদ্বোধন করেননি। যেজন্য তিনি কলকাতা যাননি। পূজার উদ্বোধক ছিলেন ফিরহাদ হাকিম। যিনি পশ্চিমবঙ্গ সরকারের একজন প্রশাসনিক কর্মকর্তা।

বঙ্গবন্ধু টি-২০ কাপ দিয়ে ক্রিকেটে ফেরার অপেক্ষায় থাকা এই তারকা বলেছেন, ‘অনুষ্ঠান হয়েছে পূজামণ্ডপের পাশে। সেখানে পরশদার (যার আমন্ত্রণে অনুষ্ঠানে যান) অনুরোধে প্রদীপ প্রজ্জ্বলন করি। আর অনুষ্ঠানে ধর্ম-বর্ণ নিয়ে কোন কথা হয়নি। দুই মিনিট মতো পূজামণ্ডপে ছিলাম। সেজন্য সবাই মনে করছেন, আমি পূজার উদ্বোধন করেছি। যেটি আমি করিনি, সচেতন মুসুলমান হিসেবে করবও না।’

অনেকে অবশ্য মনে করছেন, করোনাকালে সাকিবের পূজার অনুষ্ঠানে যাওয়াই ঠিক হয়নি। সাকিবও ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি চান না, ‘হয়তো ওখানে যাওয়াই আমার ঠিক হয়নি। যদি আপনারা তেমন মনে করেন, অবশ্যই আমি এজন্য দুঃখিত। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না করার চেষ্টা করবো।’