সোমালিয়ায় রেস্টুরেন্টে আত্মঘাতী হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক।।
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি রেস্টুরেন্টে আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ছয়জন। কে বা কারা এ হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত নয়। খবর রয়টার্সের। স্থানীয় পুলিশের মুখপাত্র সাদিক আলী জানান, মোগাদিসু বন্দরের নিকটবর্তী পুলিশ অ্যাকাডেমির কাছে একটি রেস্টুরেন্টে এ বোমা হামলা চালানো হয়। এতে হামলাকারীসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আলী জানান, বিস্ফোরণের পর পুলিশ গুলি ছুড়েছিল।

তিনি জানান, বোমা বিস্ফোরণের পর তিনি রেস্টুরেন্ট থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখেন।

মোহামুদ আহমেদ নামে আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ভারী বৃষ্টির কারণে বহু মানুষ ওই রেস্টুরেন্টের ভেতর আশ্রয় নিয়েছিলেন।

তিনি বলেন, আমি চা খাচ্ছিলাম। এরমধ্যেই বিস্ফোরণ ঘটে। এরপর কী হয়েছে আমি জানি না।

বিস্ফোরণে মোহামুদের হাত, পা, মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে।

এখন পর্যন্ত কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

আল কায়েদা সংশ্লিষ্ট ইসলামি গোষ্ঠী আল শাবাব সরকার পতনের লক্ষ্যে মোগাদিসুসহ সোমালিয়ার বিভিন্ন স্থানে এ ধরনের হামলা চালিয়ে থাকে। আফ্রিকার দেশটিতে ইসলামি শরিয়া আইন জারি করতে চায় বলে দাবি এ সশস্ত্র গোষ্ঠীর।