বাকেরগঞ্জের শ্রমিক মার্কেট টু শ্যামপুর বাজার রাস্তায় নিম্নমানের ইট দিয়ে সড়ক নির্মাণের অভিযোগ

বাকেরগঞ্জ প্রতিনিধি।।
বরিশালের বাকেরগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) বিভাগের সড়ক পাকাকরণ কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রায় কোটি টাকা ব্যয়ে বরিশাল-পটুয়াখালী মহসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড শ্রমিক মার্কেট থেকে শ্যামপুর বাজার সড়কের ৩ কিলোমিটার সড়ক পাকাকরণের কাজ শুরু হয়। শুরু থেকেই নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করার অভিযোগ উঠছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

এ নিয়ে স্থানীয় একাধিক ব্যক্তি তাদের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে পুরাতন ও নিম্নমানের ইটের খোয়া দিয়ে সড়ক নির্মাণ করার ছবি আপলোড করে; যা মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হলে নিম্নমানের ইটের খোয়ার মধ্যে কিছু ভালো কোয়ালিটির ইট মিশিয়ে পুনরায় কাজ শুরু করে। তবে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে কাজটি পুনরায় নির্মাণের দাবি জানান।

এলজিইডি অফিস সূত্রে জানা যায়, বরিশাল-পটুয়াখালী মহসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড শ্রমিক মার্কেট থেকে প্রায় ৩ কিলোমিটার সড়ক পাকাকরণের কাজ শুরু হয়। এলজিইডি বিভাগের আওতায় বাস্তবায়ন করছে হাসান এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সড়ক পাকাকরণ কাজে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭২ লাখ ৪৮ হাজার ৭৫০ টাকা।

সরেজমিন দেখা যায়, সড়কের পাশে পুরাতন ও ২-৩ নম্বর মানের ইট ভেঙে সড়কে ফেলছে। জানতে চাইলে ইট ভাঙার কাজে নিয়োজিত এক শ্রমিক জানান, এখানে বেশিরভাগ ইট ২-৩ নম্বর।

ওই এলাকার স্থানীয় বাসিন্দা হাবিব খান, সোবাহান হাওলাদার, খোকন জানান সড়ক পাকাকরণে কাজে চুলার মাটির মতো ইটি দিয়ে কাজ করছে। এ ধরনের ইট কখনই আমরা দেখেনি। সড়ক পাকাকরণে এ ইট ব্যবহার করলে সড়ক ৩ মাসও টিকবে না।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের দায়িত্বরত শাকিল মল্লিক জানান, শুরুতেই এক গাড়ি ইট খারাপ হওয়ায় একটু সমস্যা হয়েছে। এখন এক নম্বর ইটের খোয়া দিয়ে কাজ করানো হচ্ছে।

এ বিষয় জানতে চাইলে বাকেরগঞ্জ উপজেলা প্রকৌশলী আবুল খায়ের মিয়া জানান, সড়কে নিম্নমানের কাজের বিষয় অভিযোগ পেয়েছি। ওই সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক কোনোভাবেই নিম্নমানের কাজ করতে দেয়া হবে না। প্রয়োজন হলে ওখানের মালামাল ল্যাবটেস্ট করে ব্যবহার করানো হবে।